# Tags

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ২ শিশু ও বজ্রপাতে ১ শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উপর উজিরপুর এলাকায় পদ্মানদীতে গোসলে নেমে দুই শিশুর ‍মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপর উজিরপুর এলাকার পদ্মানদীতে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলা কিবরিয়া ও উজিরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ফাহিমা খাতুন।

ওসি জানান, দুপুরে পদ্মানদীতে বেশ কয়েকজন শিশু গোসল করতে যায়। এসময় আনিম আলী নামের এক শিশু পানিতে ডুবে গেলে মীম আক্তার তাকে বাঁচাতে গিয়ে সেও পানি ডুবে মারা যায়। স্থানীয়রা তাদের পানি থেকে উদ্ধার করে পরিবারের কাছে দিয়ে দেয়।

নিহত দুই শিশু শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উপর উজিরপুর গ্রামের ওরম আলী ছেলে আনিম (১১) ও একই এলাকার মুকুল আলীর মেয়ে মীম আক্তার (১১)।

এদিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়া গ্রামের রোহিত সিংহ নামে এক শিক্ষার্থী সকালে বজ্রপাতে মারা যায়।
মৃত রোহিত সিংহ (৫) চৌকাঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী ও পার্শ্ববর্তী চৌকা পণ্ডিত পাড়া গ্রামের রাজু সিংহের ছেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, “সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থেমে গেলে রোহিত শিক্ষকের অনুমতি নিয়ে বাইরে যায়। এ সময় স্কুলের সামনে রাস্তার পাশে বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

শিশুটির মাথাসহ শরীরের বাম দিক পুড়ে গেছে বলে জানান প্রধান শিক্ষক।